সংসদ প্রতিবেদক: বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদেশ থেকে শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীর এক সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, “বিগত কয়েক বছরে দেশে হামে আক্রান্ত হয়ে অনেক শিশু আমাদের মাঝ থেকে ঝরে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই মিলে একটি স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু বড় উদ্বেগের বিষয় হলো—সেই স্বৈরাচারী শাসনের সময় এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ও শিশুদের অতি প্রয়োজনীয় হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।”
টিকা আমদানিতে এই দীর্ঘসূত্রতাকে বর্তমান সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘদিন টিকা না আসায় স্বাভাবিকভাবেই দেশে ভ্যাকসিনের ঘাটতি ও সমস্যা তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে।”
প্রধানমন্ত্রী সংসদকে জানান, বৈশ্বিক সংস্থা ইউনিসেফ এ ব্যাপারে বাংলাদেশকে বড় ধরনের সহায়তা করেছে। তিনি বলেন, “ইউনিসেফ দ্রুততার সঙ্গে আমাদের ভ্যাকসিন পাঠিয়েছে। এর ফলে আমরা দেশের প্রায় ২ কোটি শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি এবং এটি দ্রুত সম্পন্ন করা হবে।”
হাম শনাক্তকরণের কিট সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “বর্তমানে টেস্ট কিটের কিছুটা স্বল্পতা থাকলেও সরকার এ নিয়ে কাজ করছে। ইতিমধ্যে অনেক কিট দেশে এসে পৌঁছেছে। একটি কিট দিয়ে তিনটি পরীক্ষা করা সম্ভব। কিছু কিট এই মুহূর্তে বিমানবন্দরের কাস্টমসে আটকে আছে। আমরা দ্রুত সেগুলো ছাড় করানোর ব্যবস্থা করছি, ইনশাআল্লাহ।”
সামনে যাতে এ ধরনের কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি না হয়, সে ব্যাপারে বর্তমান সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।



