বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রবীণ সাংবাদিক ও ৮০’র দশকের সুপরিচিত কলম সৈনিক জনাব আবু সাঈদ আর নেই। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।
মরহুম আবু সাঈদ বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের জাতুকর্ণপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি বানিয়াচং মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘হবিগঞ্জ সময়’ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু হানিফ বিন সাঈদের পিতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে বানিয়াচংয়ের সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব পরিবার। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “আবু সাঈদ ছিলেন একজন নীতিবান সাংবাদিক। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।”
এছাড়াও শোক প্রকাশ করেছেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার অন্যতম সংগঠক ও বানিয়াচং উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার খান নাফিজ। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
দীর্ঘ কয়েক দশকের সাংবাদিকতা জীবনে আবু সাঈদ অত্র অঞ্চলের নানা সমস্যা ও সম্ভাবনা লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। তার মৃত্যুতে এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। আজ (বৃহস্পতিবার) জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।



