ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা চালানোর পর শক্ত জবাব দিয়ে যাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে দশম দিনে পড়েছে ইরান যুদ্ধ। সোমবার মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে হামলার ঘটনা ঘটেছ।

ইরান ইসরাইলসহ উপসাগরীয় দেশগুলোতে নতুন করে হামলা চালিয়েছে। ইতোমধ্যে ইরানের রকেট হামলায় ইসরাইলের একজন নিহত হয়েছেন বলে আলজাজিরার খবরে এসেছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরই দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায়। মোজতবা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

ইসরাইলও নতুন করে হামলার ঘোষণা দেয়। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে।

সিএনএন জানায়, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি বড় আওয়াজ শোনা গেছে। বিমান হামলা হলে এমন আওয়াজ হয়।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। রয়টার্সের ভিডিওতে দেখা গেছে, শহরের দক্ষিণের উপশহরগুলো থেকে ধোঁয়া উঠছে। পৃথক ভিডিওতে দেখা গেছে, বৈরুতের একটি হোটেলে আগুন জ্বলছে। হোটেলের একটি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা বৈরুতে রাতে হামলা চালিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের কুদস ফোর্সের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে।

এদিকে, বাহরাইনের প্রধান তেল শোধনাগারে আজ হামলা হয়েছে। সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। হামলার শিকার প্রতিষ্ঠানটি হলো বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি, যা দেশটির প্রধান তেল শোধনাগার এবং জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।

বাহরাইনের রাজধানীর কাছাকাছি এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি জানায়, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সি এক কিশোরীও রয়েছে, যার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে।

আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সি একজন মাত্র দুই মাসের শিশু বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারটি ড্রোন দেশটির একটি বৃহত্তম তেলক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মরু এলাকায় ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়।

কুয়েতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা একটি ড্রোন ভূপাতিত করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে ড্রোনটি ধ্বংস করা হয়।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

এদিকে সামরিক সংঘাত চলমান থাকায় এই মুহূর্তে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির মধ্যস্থতার বিষয়ে আলোচনা করা অর্থহীন।

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরান থেকে হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘায়ি। বাঘায়ি আরো ইঙ্গিত দেন, অভিযোগ করা কিছু হামলা “মঞ্চস্থ” হতে পারে। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে শত্রুপক্ষ আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিছু হামলার নাটক সাজাতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts