মোগাদিশু | ১২ জানুয়ারি, ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সোমালিয়া সরকার। দেশটির বন্দর ব্যবস্থাপনা, নিরাপত্তা সহযোগিতা এবং সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত সকল দ্বিপাক্ষিক চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। সোমালিয়ার অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত এসব চুক্তির আড়ালে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।
সোমালিয়ার কেন্দ্রীয় সরকার (মোগাদিশু) এই সিদ্ধান্তের পেছনে প্রধানত দুটি কারণ উল্লেখ করেছে ,সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া অঞ্চল ‘সোমালিল্যান্ড’-এর সঙ্গে মোগাদিশুর অনুমতি ছাড়াই সরাসরি কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে আবুধাবি। বিশেষ করে সেখানকার বন্দরে আমিরাতের বিনিয়োগকে সোমালিয়া তাদের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি মনে করে। কেন্দ্রীয় সরকারকে না জানিয়ে সোমালিয়ার ভূখণ্ডে আমিরাতি বাহিনীর সামরিক কার্যক্রম ও প্রশিক্ষণ পরিচালনাকে রাষ্ট্রীয় কর্তৃত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে মোগাদিশু।
সোমালিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে “সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক পদক্ষেপগুলো সোমালিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পরিপন্থী। আমাদের জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার স্বার্থে আমরা তাদের সঙ্গে করা সব নিরাপত্তা ও সামরিক চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছি।”
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চলে আমিরাতের কৌশলগত প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়বে। অন্যদিকে, সোমালিয়ায় আমিরাতি অর্থায়নে পরিচালিত মানবিক ও উন্নয়নমূলক প্রকল্পগুলোও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এই ঘটনার ফলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।



