মুম্বাই, ভারত: ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আবারও গর্জে উঠলেন প্রখ্যাত দক্ষিণ ভারতীয় ও বলিউড অভিনেতা প্রকাশ রাজ। সম্প্রতি এক অনুষ্ঠানে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেছেন যে, ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের প্রশ্রয় দিয়ে মুসলিম গণহত্যার পরিবেশ তৈরি করা হচ্ছে।
প্রকাশ রাজ সরাসরি অভিযোগ করেন যে, বিজেপি সরকার সুপরিকল্পিতভাবে একটি ‘গণহত্যার’ (Genocide) প্রস্তুতি নিচ্ছে। তার মতে, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর কার্যকলাপ এই লক্ষ্যেরই অংশ।
তিনি বলেন, “তারা (বিজেপি) আমাদের দেশের মুসলিম সমাজকে শেষ করে দিতে চায়।” তার মতে, বর্তমান শাসনামলে সংখ্যালঘুদের নিরাপত্তা চরম হুমকির মুখে।ভারতের বিভিন্ন প্রান্তে উগ্রবাদীদের মাধ্যমে যে ভয়ের পরিবেশ বা ‘ত্রাস’ সৃষ্টি করা হচ্ছে, সেটির পেছনে রাজনৈতিক মদদ রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।
প্রকাশ রাজ কেবল অভিনেতাই নন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রকাশ্য সভায় #JustAsking হ্যাশট্যাগ ব্যবহার করে নিয়মিত সরকারের কাছে জবাবদিহিতা চেয়ে আসছেন। গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের পর থেকে তিনি আরও বেশি সরব হয়েছেন এবং বারবার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছেন।
প্রকাশ রাজের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। সমর্থকদের মতে প্রকাশ রাজ একজন সাহসী শিল্পী হিসেবে সত্য কথা বলছেন এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলা এই সময়ে অত্যন্ত জরুরি।বিজেপি সমর্থক ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই দাবিকে ‘ভিত্তিহীন’ এবং ‘বিদ্বেষমূলক’ বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, প্রকাশ রাজ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।



