নিজস্ব প্রতিবেদক | ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী কাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে। জানাজা শেষে সংসদ ভবন এলাকা সংলগ্ন জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের সামনে ভিড় করেন হাজারো নেতাকর্মী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি দলীয়ভাবে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
উল্লেখ্য, ১৯৪৫ সালে জন্ম নেওয়া খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মোট তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী ছিলেন।



