স্পোর্টস ডেস্ক | ১৫ জানুয়ারি, ২০২৬
ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে ফুটসালের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল বাংলাদেশের নারী দল। দক্ষিণ এশীয় ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাত্তাই দিল না সাবিনা-কৃষ্ণারা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কৌশলী ও আক্রমণাত্মক ফুটবল খেলে ৩-১ ব্যবধানের জয় তুলে নেয় বাংলাদেশ।
খেলার শুরু থেকেই ‘ডায়মন্ড শেপ’ ফরমেশনে দ্রুত আক্রমণ চালিয়ে ভারতীয় রক্ষণভাগকে তটস্থ করে রাখে বাংলাদেশ। ম্যাচের ৭ মিনিটে কৃষ্ণা রানি সরকারের সহায়তায় প্রথম গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন। এটি জাতীয় নারী ফুটসাল দলের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল। এর ঠিক ৬ মিনিট পর অর্থাৎ ১৩ মিনিটে আবারো কৃষ্ণার ক্রসে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
দ্বিতীয় হাফের ৩১ মিনিটে মাঝমাঠ থেকে এক দুর্দান্ত লং রেঞ্জ শটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন সুমাইয়া মাতসুশিমা। ম্যাচের ৩৬ মিনিটে ভারত একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও বাংলাদেশের শক্তিশালী রক্ষণভাগের সামনে আর সুবিধা করতে পারেনি।
বাংলাদেশের এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলিকের। ভারতের বেশ কয়েকটি নিশ্চিত গোল তিনি অসাধারণ দক্ষতায় রুখে দেন। পাশাপাশি কোচ সাইদ খোদারাহমির সঠিক ম্যাচ রিডিং এবং হাই প্রেসিং ফুটবলের কৌশল ভারতকে কোণঠাসা করে রাখে।
ভারতকে হারিয়ে গ্রুপ পর্বে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ। এই জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আগামী শনিবার (১৭ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।



