নিজস্ব প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী সহিংসতার খবর পাওয়া গেছে। উপজেলার হাসান নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূইয়া বাড়িতে জামায়াতে ইসলামীর পোলিং এজেন্ট হেলাল ভূইয়াকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) ভোট চলাকালীন হাসান নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূইয়া বাড়ি সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা অতর্কিতভাবে হেলাল ভূইয়ার ওপর হামলা চালায় এবং তাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

আহত হেলাল ভূইয়ার পরিবার দাবি করেছে, তিনি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে বাধা দেওয়া হয় এবং পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে, ঘটনার পরপরই বিষয়টি বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও তারা কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। প্রশাসনের এই নিরবতা বা গুরুত্ব না দেওয়াকে রহস্যজনক বলে মনে করছেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী পরিবেশে এমন হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন এলাকাবাসী দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts