মোদাচ্ছির হোসেন ,পাইকগাছা (খুলনা) | ১৪ জানুয়ারি, ২০২৬
খুলনার পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাড়ী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী রাস মন্দিরে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা ও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত পরিকল্পিতভাবে মন্দিরের ভেতরে প্রবেশ করে মূর্তিগুলো ভাঙচুর করে। সকালে বিষয়টি জানাজানি হলে শত শত এলাকাবাসী মন্দিরে জড়ো হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়রা এই ঘটনাকে একটি সুচিন্তিত ধর্মীয় উসকানি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন।
তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রের দাবি, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে এই হামলা চালানো হতে পারে। ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি চক্র ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়কে টার্গেট করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর সম্পৃক্ততার প্রাথমিক আভাস পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্দির ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুততম সময়ে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এদিকে পাইকগাছার ধর্মীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন:
পাইকগাছা চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য জনপদ। এখানে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করার যেকোনো অপচেষ্টা এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”
এলাকাবাসী দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



