আমজাদ হোসেন, জয়পুরহাট | ১৪ জানুয়ারি, ২০২৬
অবশেষে আইনি লড়াইয়ে জয়ী হয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইল না।
গত ৩ জানুয়ারি জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া সাবেকুন নাহার শিখার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন। বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছিল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমাদিতে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের তথ্যে ভুল ছিল। রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (আপিল নম্বর ৩১১) আবেদন করেন।
বুধবার আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার দেওয়া তথ্যাদি পুনঃনিরীক্ষণ করে মনোনয়নপত্রটি বৈধ বলে রায় দেয়।
সাবেকুন নাহার শিখা এই তথ্য নিশ্চিত করে বলেন “নির্বাচন কমিশনে করা আমার আপিল মঞ্জুর হয়েছে। এই এক সপ্তাহ আমাদের জন্য ভিন্নরকম অভিজ্ঞতা ছিল। দেশে-বিদেশে যারা আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
প্রার্থিতা ফিরে পাওয়ার পর জয়পুরহাটের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই বিজয় ন্যায় ও গণতন্ত্রের বিজয়। আমি মাঠে ছিলাম, আছি এবং থাকব আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে। দুর্নীতিমুক্ত, উন্নয়নবান্ধব ও মানবিক জয়পুরহাট গড়াই আমার অঙ্গীকার। দল নয়, মানুষই আমার শক্তি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।
সাবেকুন নাহার শিখার প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে জয়পুরহাট-১ আসনের তার সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।



