চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার শিক্ষার্থীকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদল। বুধবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে এই ইফতার আয়োজন করা হয়। আর ছাত্রীদের জন্য হলগুলোতে ইফতার পাঠানো হয়।
শাখা ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমানের সঞ্চলনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।
এতে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, শিক্ষার্থীদের জন্য এমন মহৎ আয়োজন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। চবি ছাত্রদলের এমন আয়োজনে আমি সবসময় পাশে থাকবো। এসব কার্যক্রম দ্বারা ছাত্রদল শিক্ষার্থীদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে।
ইফতার আয়োজন সম্পর্কে শাখা ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান বলেন, আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করতে আগ্রহী। আজকে সাধারণ শিক্ষার্থীরা আমাদের আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীবান্ধব কাজগুলো আমরা অব্যাহত রাখব।



