ইরান জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ১৮ বছরের কম বয়সী ২০৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক হাজার ৪০১ জন।
বুধবার এক বিবৃতিতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে হওয়া হামলায় নিহতদের মধ্যে ২২৭ জন নারী। আহত হয়েছেন আরো তিন হাজার ৩২৯ জন।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে এক হাজার ১১১ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ১৯ হাজার ৫০৬ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলায় মোট মৃতের সংখ্যা জানায়নি।
বিবৃতি অনুসারে, এই হামলায় ১৮ জন স্বাস্থ্যকর্মী নিহত ও ১০১ জন আহত হয়েছেন এবং ৩৬টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে উল্লেখ করা হয়, হামলার কারণে ছয়টি হাসপাতাল খালি করা হয়েছে এবং ৪৭টি জরুরি ঘাঁটি, ৩৭টি চিকিৎসা কেন্দ্র ও ১৮০টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ আক্রমণ শুরু করার পর থেকে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। যাতে এ পর্যন্ত তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ প্রায় এক হাজার৩০০ জন নিহত হয়েছেন।
ইরান এর প্রতিশোধ হিসেবে ইসরাইল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।



