ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করার দুই দিন পর শিশুসহ ১১ জন নাগরিককে শেষ পর্যন্ত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধ ও দীর্ঘস্থায়ী আলোচনার পর বিএসএফ তাদের নিয়ে যেতে বাধ্য হয়।
বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ওই ১১ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে শক্ত অবস্থান নেয়।
প্রতিরোধ করা ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। পুশ-ইনের চেষ্টার পর তারা সীমান্তের শূন্যরেখায় প্রায় দুই দিন অবস্থান করছিলেন। মানবিক কারণে স্থানীয়রা তাদের খাবার ও পানি সরবরাহ করলেও, বিজিবির পক্ষ থেকে বারবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে এই অবৈধ পুশ-ইনের প্রতিবাদ জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানিয়েছিলেন, তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। গত ২৬ মে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে নিয়ে বিভিন্ন ক্যাম্পে রাখার পর ৬ জুন রাতের দিকে সীমান্তের দিকে পাঠিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।



