আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং এসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর নিকট লিখিতভাবে আগামী ১৫ মার্চের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
একই সাথে প্রস্তাবের আরেকটি সফটকপি (NikoshBAN) ই-মেইলঃ nbrbudget2026@gmail.com এর মাধমে জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোন চেম্বার বা এসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি উক্ত ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবে।
আজ মঙ্গলবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক , গণমুখী ও ন্যায় সম্মত বাজেট প্রণয়নে বরাবরই সকল পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সাথে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে আসছে।
আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।
সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একই সাথে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে।



