নওগাঁর ধামইরহাটে বাড়ির পালিত কুকুর আলু ক্ষেতে জবাই করে খাসির মাংস হিসেবে বাজারে বিক্রয়ের অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ঘটনায় জড়িত কসাই এনতাজুল (৫৫) ও মো. দুলু মিয়া (৫৭) পলাতক রয়েছে। তারা উভয় মঙ্গলবাড়ি বাজার এলাকার অলি শাহ্ ও আহম্মদ হোসেনের ছেলে। বিষয়টি জানাজানি হলে মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ি এলাকার খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মিয়া মিলে সকালে আলুক্ষেতে একটি কুকুর জবাই করেন। সেই কুকুরটি তারা খাসির গোস্ত হিসেবে বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসে। বিষয়টি এলাকাবাসীরা জানতে পারলে গোস্ত ফেলে তারা দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ কেজি গোস্ত জব্দ করেন। প্রাণি সম্পদের এ.আই টেকনিশিয়ান মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে কুকুর গোস্ত পাওয়া গেছে বলে বিষয়টি নিশ্চিত করেন।
ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, থানা পুলিশ গোস্ত উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।



