নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বিএনপি নেতারা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জসিম উদ্দিন নায়েব (২৮/৩০)। তিনি ওই গ্রামের মাফিক নায়েবের ছেলে। জসিম এই নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) ও জেলা বিএনপির সাবেক নেতা মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে জসিম ও তার পরিবার ফুটবল প্রতীকের পক্ষে কাজ করায় বিএনপি প্রার্থীর সমর্থকদের সাথে তাদের বিরোধ তৈরি হয়। শুক্রবার বিএনপি নেতা নাসির আহমেদ এবং তার ছেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল দেওয়ানের নেতৃত্বে অর্ধশতাধিক লোক জসিমদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা জসিমসহ তার বাবা মাফিক নায়েব এবং দুই ভাই মোখলেস ও মহসিন নায়েবকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মসিউর নায়েব অভিযোগ করে বলেন, “আমাদের একমাত্র অপরাধ আমরা ফুটবলের নির্বাচন করেছি। নাসির ডাক্তার আর তার ছেলে শাকিল আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে।”

অভিযোগের বিষয়ে শাকিল দেওয়ান জানান, সকালে জসিমের লোকজন তাদের সমর্থকদের ওপর হামলা করেছিল। পরে গ্রামবাসী একত্রিত হয়ে পাল্টা আক্রমণ করলে এই ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না বলে দাবি করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন জয়লাভ করেন। অন্যদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. মহিউদ্দিন, যাকে পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts