যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার রাতে বন্দুক হামলায় দুইজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই পুরো ক্যাম্পাসে লকডাউন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। তবে হামলার কারণ বা সন্দেহভাজন কেউ পলাতক আছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় এবং আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি।

ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে। এটি অরেঞ্জবার্গ শহরে অবস্থিত, যা অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়া থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পূর্বে। অরেঞ্জবার্গে অবস্থিত ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত আরেকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো ক্লাফলিন বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি জানান, এ বিষয়ে তথ্য দেওয়ার এখতিয়ার তার নেই।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গুলির ঘটনার তদন্তে সহায়তার জন্য সাউথ ক্যারোলাইনা ল’ এনফোর্সমেন্ট ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শুক্রবারের সব ক্লাস বাতিল ঘোষণা করা হয়েছে।

এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts