নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নারীর অধিকার ও নিরাপত্তার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বাগাতিপাড়া ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী শাহনাজ পারভীনের নেতৃত্বে উপজেলার তমালতলা এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে এটি তমালতলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড় বাজারে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার। তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের নারীদের অধিকার ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।’
তিনি নারী সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ। বক্তারা বলেন, আগামী দিনে ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের প্রতিটি এলাকায় শত শত মহিলা কর্মী ও সমর্থকদের নিয়ে ধারাবাহিক গণসংযোগ ও সাংগঠনিক সফর পরিচালনা করা হবে।
পদযাত্রা ও পথসভায় বিপুল সংখ্যক নারী, কিশোরী ও শিশু অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন। পুরো কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণভাবে পদযাত্রা ও পথসভা সম্পন্ন হয়েছে।



