আগামী নির্বাচনে জয়ী হলে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উদ্যোগে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন বলে আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

তিনি বলেন, খুলনার শিল্প ঐতিহ্যকে আধুনিকায়ন এবং নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারলে এটি কোনো অসম্ভব লক্ষ্য নয়। 

গতকাল সোমবার খুলনা মহানগরীর ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আয়োজিত ধারাবাহিক পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রকিবুল ইসলাম বকুল । ৫ নং ওয়ার্ডবাসী এ সভা আয়োজন করে। 

খুলনার শিল্পাঞ্চল ও এর অর্থনৈতিক গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সংকট হলো বেকারত্ব। বেকারত্ব কেবল একজন ব্যক্তির সমস্যা নয়। বরং এটি একটি অভিশাপ যা পুরো সমাজ ও পরিবারকে পঙ্গু করে দেয়।  
রকিবুল ইসলাম বকুল বলেন, ‘জনগণ যদি আমাকে নির্বাচিত করে, মেয়াদের শুরু থেকেই পরিকল্পিত শিল্পায়ন এবং কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার সর্বাত্মক চেষ্টা চালাবো। ধানের শীষের জয় হলে খুলনার মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রতিটি ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে।’

তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান। বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক চেয়ারম্যান মীর কায়েছেদ আলী, দৌলতপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মোশাররফ হোসেন, বিশিষ্ট শিল্পপতি সিআইপি শেখ ফারুক হোসেন, বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীরের কবির। আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদি কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, ইমাম মুফতি নাজমুল হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী আকুঞ্জি হারুন রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts