মোদাচ্ছির হোসেন খুলনা:

খুলনা জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আকস্মিক পরিদর্শন করেছেন। স্বাস্থ্যসেবার মান যাচাই, ডাক্তার-নার্সদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তিনি এই ঝটিকা সফর করেন।

গত ২১ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন হঠাৎ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সেবা ও খাবারের মান সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন। এরপর তিনি জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার ও প্রসূতি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে রোগী ও স্বজনরা হাসপাতালের জনবল সংকটের কথা তুলে ধরলে তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসক-নার্সদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করলেও সেবার মান আরও বৃদ্ধির নির্দেশ দেন তিনি।

সিভিল সার্জন দায়িত্বরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, প্রাইভেট চেম্বারের মতো হাসপাতালেও রোগীদের আন্তরিকভাবে সেবা দিতে হবে এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এছাড়া জরুরি বিভাগে হার্টের ইনজেকশন, গ্যাস্ট্রিকের ওষুধ ও স্যালাইনসহ জীবন রক্ষাকারী ওষুধ সবসময় মজুত রাখার নির্দেশ দেন। হাসপাতালের অকেজো এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম যন্ত্রসহ অন্যান্য যন্ত্রপাতির তালিকা দ্রুত তার দপ্তরে পাঠানোর জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি পৌর সদরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যান এবং সেখানকার সেবার মান ও বৈধতা যাচাই করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. সুজন কুমার সরকার, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, সিনিয়র স্টাফ নার্স মৌসুমী ফৌজদারি, উন্নতি রাণী মন্ডল, জয়ন্তী রায় ও শামীমা সুলতানাসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts