নিজস্ব প্রতিবেদক | ঢাকা

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট সফল করতে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এবারের নির্বাচন কোনো ‘গোজামিলের নির্বাচন’ হবে না এবং ১২ ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে।

রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু আধুনিক পদক্ষেপের কথা তুলে ধরেন অধিকাংশ ভোটকেন্দ্র দ্রুত সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং জানুয়ারির মধ্যেই ইনস্টলেশন শেষ হবে।ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে। একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সব ফুটেজ মনিটর করা হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন নম্বর সার্বক্ষণিক চালু থাকবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “অনেকে আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, এতে কোনো আইনি বাধা নেই। গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকারের মূল দায়িত্বই হলো সংস্কারের পক্ষে থাকা।”

বৈঠকে জামায়াত নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি থেকে তারা নির্বাচনি প্রচারণা পূর্ণোদ্যমে শুরু করবেন। তারা ইতিমধ্যে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার শুরু করেছেন এবং ২২ তারিখ থেকে সংসদীয় নির্বাচনের ক্যাম্পেইনও এর সাথে যুক্ত হবে।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়, সেই দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দল—সবার। আমি এ ব্যাপারে সকল দলের সহযোগিতা কামনা করছি।”

বৈঠকে উপদেষ্টাদের মধ্যে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আদিলুর রহমান খান এবং মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন। জামায়াত প্রতিনিধি দলে আরও ছিলেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts