নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে প্রধান বিরোধী দল বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শেষ পর্যন্ত অংশ নেবে কি না, তা নিয়ে দলটি পুনর্বিবেচনা করছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ইসি ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়ার ক্ষেত্রে আরপিও ও সংবিধান লঙ্ঘন করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের (বিএনপি) প্রতি নমনীয় আচরণ করছে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “আমরা স্পষ্ট ভাবে বলছি— একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন কমিশনের ওপর কোনো কনফিডেন্ট (আস্থা) পাচ্ছি না। এই পরিস্থিতিতে এই নির্বাচনে অংশগ্রহণ করব কি না, তা আমাদের পুনর্বিবেচনা করার সময় এসেছে”।
তিনি আরও অভিযোগ করেন যে, রোববার ইসিতে আপিল শুনানির মাঝপথে নির্বাচন কমিশনাররা বিএনপি নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন, যা সংবিধান ও নির্বাচনী নীতিমালার পরিপন্থী।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির একার সিদ্ধান্ত নয়, বরং তাদের ১০ দলীয় নির্বাচনী জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। প্রয়োজনে এই ‘পক্ষপাতমূলক’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নামার প্রস্তুতি নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



