এম এ কাহার সিদ্দিক, কুড়িগ্রাম: নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তার মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ব্যারিস্টার সালেহী।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। তথ্য-প্রমাণ ও আইনি ব্যাখ্যা পর্যালোচনার পর কমিশন ব্যারিস্টার সালেহীর আপিল মঞ্জুর করে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ প্রদান করে।

মনোনয়নপত্র ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “আমি নির্বাচন কমিশনের প্রতি এবং আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞ। আইনি লড়াইয়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে। আমি এলাকার মানুষের সেবা করার সুযোগ চাই।”

উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন। জামায়াত প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ায় এই আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts