কুমিল্লা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে ঋণ খেলাপি হওয়ার অভিযোগে তার এই মনোনয়ন বাতিল করা হয়।
মনোনয়ন বাতিলের এই সিদ্ধান্তের পর এক ফেসবুক বার্তায় নিজের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন মনজুরুল আহসান মুন্সী। তিনি সমর্থকদের আশাহত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আশা হারাবেন না। এটা এখানেই শেষ নয়, এটি একটি আইনি প্রক্রিয়ার অংশ মাত্র। সত্যের জয় হবেই ইনশাআল্লাহ”।
তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তই চূড়ান্ত নয় এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতের বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আমাদের মনোনয়নপত্র পুনর্বহাল হবে। ধৈর্য রাখুন এবং ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্রের সামনে মাথা নত নয়, আমরা আইনের পথেই এগোবো”।
উল্লেখ্য, এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের অন্যতম আলোচিত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। ইসির শুনানি অনুযায়ী, হাসনাত আবদুল্লাহর আপিলের প্রেক্ষিতেই ঋণ খেলাপি হওয়ার তথ্যের ভিত্তিতে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন অবৈধ সাব্যস্ত হয়।
বর্তমানে এই আসনে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকায় এবং প্রধান প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন ঝুলে যাওয়ায় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।



