নিজস্ব প্রতিবেদক | ১৫ জানুয়ারি, ২০২৬
ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশটিতে দল না পাঠানোর সিদ্ধান্তে আবারও অনড় অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্ত বদলের কোনো সুযোগ নেই।
আইসিসির একটি প্রতিনিধি দল এই বিষয়টি নিয়ে আলোচনা করতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে। তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে আসিফ নজরুল বলেন:
“আমরা আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, তবে সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই। আমাদের বিশ্বাস, সেখানে টুর্নামেন্ট বা আমাদের ম্যাচগুলো আয়োজন করা অসম্ভব কিছু না।”
ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে ছড়ানো কিছু গুঞ্জনের জেরে ভারতীয় সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারণার পর কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়ে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ায় বিসিসিআই। ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তি বাতিলের এই ঘটনাকে বাংলাদেশ ‘অপমানজনক’ হিসেবে গ্রহণ করে।
মুস্তাফিজের ঘটনার পর গত ৩ জানুয়ারি আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। এর পরপরই বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়। ধারাবাহিকতায় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায় যে, নিরাপত্তার কারণে তারা ভারতে খেলতে যাবে না এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ করে।
ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির প্রতিনিধি দল এই অচলাবস্থা নিরসনে কাজ করছে। তবে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড নিরাপত্তা ইস্যু এবং জাতীয় মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে জোরালো প্রস্তাব দিয়েছে।
রাজনৈতিক ও কূটনৈতিক মহলের মতে, মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া এই ক্রীড়া বিতর্ক এখন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন টানাপোড়েনে রূপ নিয়েছে। আসিফ নজরুলের আজকের বক্তব্য সেই অনমনীয় অবস্থানেরই বহিঃপ্রকাশ।



