ঢাকা | ১৫ জানুয়ারি, ২০২৬

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে তিনি সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।

এই সৌজন্য সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত রয়েছেন।গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক ও সরাসরি সাক্ষাৎ। এর আগে গত বছর লন্ডনে এবং দেশে ফেরার পর ফোনে তাদের কথা হলেও যমুনায় এটিই প্রথম বৈঠক।

দলীয় ও সরকারি সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে প্রধানত সৌজন্য বিনিময় হলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। আজকের বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশ নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে বিএনপি চেয়ারম্যানের মতামত বিনিময় হতে পারে, নির্বাচনকে কেন্দ্র করে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রশ্নে যে গণভোটের পরিকল্পনা রয়েছে, সে বিষয়েও আলোচনা হতে পারে।

তারেক রহমান গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে বেশ সক্রিয় রয়েছেন। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং ৯ জানুয়ারি তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত বছর ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে দীর্ঘ দেড় ঘণ্টাব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যা দেশের পরবর্তী রাজনৈতিক রোডম্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts