খন্দকার নিরব, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

“দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলায় আসন্ন গণভোট-২০২৬ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তজুমদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডাঃ শামীম রহমান।

তিনি বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভোটে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

উপজেলা নির্বাচন অফিসার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় গণভোট বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুর রব, তজুমদ্দিন নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট রিফাত মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাহাত হোসেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুশান্ত, উপজেলা কৃষি অফিসার ইব্রাহিম আসাদ, তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি জাফর আহমেদ, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা জুবায়েরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও সভায় স্কুল-কলেজের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts