মোদাচ্ছির হোসেন খুলনা | ১৫ জানুয়ারি, ২০২৬
আসন্ন নির্বাচনের আমেজ দেশজুড়ে ছড়িয়ে পড়লেও লস্কর ও করুলিয়া গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ ও হতাশা। গ্রাম দুটির সেতুবন্ধনকারী প্রধান রাস্তাটি সংস্কারের অভাবে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে লস্কর স্কুল মাঠের ভোটকেন্দ্রে যাওয়ার প্রধান এই সড়কটির বেহাল দশায় আসন্ন নির্বাচনে ভোটদান এবং শিশুদের স্কুল যাতায়াত নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
রাস্তাটি কেবল সাধারণ মানুষের যাতায়াতের পথ নয়, এটি লস্কর থেকে করুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র মাধ্যম। বর্তমানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বড় বড় গর্তে হোঁচট কোমলমতি শিশুরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে এবং স্কুল ড্রেস নষ্ট হয়ে যাওয়ায় অনেকেই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। সময়মতো স্কুলে পৌঁছানো এখন এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক বড় চ্যালেঞ্জ।
এলাকাবাসীর তথ্যমতে, লস্কর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ কর্নার থেকে নিজাম সরদারের বাড়ির অভিমুখ পর্যন্ত অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গত কয়েক বছরে আশপাশের ছোটখাটো রাস্তা সংস্কার হলেও এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির দিকে কারো নজর পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের।
ভোটের তফসিল ঘোষণার পর প্রার্থীরা এলাকায় আসতে শুরু করলেও রাস্তার উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। স্থানীয় এক বাসিন্দা বলেন—
“ভোটের সময় নেতারা এই কাদা মাড়িয়েই ভোট চাইতে আসবেন, কিন্তু আমাদের সন্তানদের প্রতিদিনের কষ্ট তারা দেখেন না। এই ভাঙা রাস্তা দিয়ে ভোট দিতে যাওয়া আমাদের জন্য এখন বড় বিড়ম্বনা।”
এমতাবস্থায়, লস্কর ও করুলিয়াবাসী জরুরি ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপ কামনা করছেন। এলাকাবাসীর দাবি, নির্বাচনের আগেই অন্তত জরুরি সংস্কারের মাধ্যমে রাস্তাটিকে চলাচলের উপযোগী করা হোক, যাতে শিক্ষার্থীরা নির্ভয়ে স্কুলে যেতে পারে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারেন।



