গাজীপুর প্রতিনিধি | ১৪ জানুয়ারি, ২০২৬

গাজীপুর মহানগর বিএনপির প্রবীণ নেতা ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) এক ব্যক্তিগত বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

রফিকুল বাসেত দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

গাজীপুর মহানগরীর নায়েবে আমীর এবং গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী ও মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

নিজের বিবৃতিতে রফিকুল বাসেত জানান, দীর্ঘদিনের আত্মসমালোচনা এবং গভীর উপলব্ধি থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন “আমি বিশ্বাস করি ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। ইসলামী আদর্শে জীবন পরিচালনা ও সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে শামিল হয়েছি।”

দীর্ঘ রাজনৈতিক জীবনের পথচলায় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন রফিকুল বাসেত। জীবনের শেষ দিন পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

নির্বাচনের প্রাক্কালে গাজীপুরের একজন প্রভাবশালী মুক্তিযোদ্ধা নেতার দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গাজীপুর-২ আসনে নির্বাচনি প্রচারণার সময় রফিকুল বাসেতের মতো অভিজ্ঞ নেতার জামায়াতে যোগদান দলটির সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts