আমজাদ হোসেন | জয়পুরহাট | ১৪ জানুয়ারি, ২০২৬
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোছাঃ আফরোজা খানম চৌধুরী। তিনি পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন সংলগ্ন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক ফলাফলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন জানান, এই নির্বাচন প্রক্রিয়াটি ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরীর বিশেষ কিছু দক্ষতাকে এই অর্জনের ভিত্তি হিসেবে ধরা হয়েছে , মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার এবং ডিজিটাল কনটেন্ট প্রস্তুতকরণ। সৃজনশীল প্রশ্ন প্রণয়ন এবং বিষয়ভিত্তিক অসাধারণ দক্ষতা। দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং গবেষণামূলক প্রকাশনা। পাঠদান পর্যায়ে সহজবোধ্য ও কার্যকর উপস্থাপনে দক্ষ তিনি।
আফরোজা খানম চৌধুরী উপজেলার আওলাই ইউনিয়নের ধলটিকর গ্রামের মরহুম মশিহর রহমান চৌধুরীর কন্যা। তিনি এলাকার প্রখ্যাত চৌধুরী পরিবারের সন্তান। পেশাগত জীবনে তিনি অত্যন্ত নিষ্ঠাবান ও দক্ষ হিসেবে পরিচিত। এর আগেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন।
এই গৌরবময় অর্জনের পর এক প্রতিক্রিয়ায় আফরোজা খানম চৌধুরী বলেন, “এই প্রাপ্তি আমার একার নয়। এর পেছনে বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে।” তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার এই সাফল্যে পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে ‘আদর্শ মানুষ গড়ার কারিগর’ হিসেবে অভিহিত করেছেন।



