নিজস্ব প্রতিবেদক | ঢাকা বিদেশে গমনেচ্ছু এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরীয়াহভিত্তিক (সুদমুক্ত) ঋণ প্রদানের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চলতি মাসের মধ্যেই এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।
এই বিশেষ উদ্যোগের পেছনে দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি তার পোস্টে উল্লেখ করেন, “এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।”
সাধারণত প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় বা দেশে ফিরে কোনো প্রকল্প শুরুর ক্ষেত্রে ঋণ নিতে গিয়ে সুদের কারণে অনেকেই দ্বিধাবোধ করতেন। শরীয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু হলে প্রবাসীরা ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে সহজ শর্তে বিনিয়োগ বা ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
আসিফ নজরুলের এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। প্রবাসীরা মনে করছেন, এই উদ্যোগের ফলে প্রবাসী কল্যাণ ব্যাংক আরও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।



