পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২৬
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড নেতার ওপর বর্বরোচিত হামলা চালানোর অভিযোগ উঠেছে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ওই নেতার একটি পা ভেঙে গেছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম নাসির উদ্দিন। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক এবং ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নাসির উদ্দিন হাড়িটানা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় একই এলাকার ফজলে করিমের ছেলে এবং ইউনিয়ন বিএনপি কর্মী নূর আলম হঠাৎ তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে নূর আলম দেশীয় অস্ত্র দিয়ে নাসির উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেন এবং তাঁর একটি পা ভেঙে দেন।
আহত নাসির উদ্দিনকে উদ্ধার করে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও ভাঙা পায়ের জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জামায়াতে ইসলামী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং হামলাকারী নূর আলমকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। তবে হামলার প্রকৃত কারণ বা পূর্ব কোনো বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাথরঘাটা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তারা শুনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



