মাদ্রিদ, ১৩ জানুয়ারি ২০২৬:
মাত্র সাত মাস দায়িত্ব পালনের পর রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্লাব কিংবদন্তি জাবি আলোনসো। সোমবার (১২ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই জাবি আলোনসোর সাথে চুক্তির অবসান ঘটানো হয়েছে।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের মাত্র একদিন পরই এই নাটকীয় ঘোষণা আসে। ২০২৫ সালের জুলাইয়ে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন আলোনসো। তবে বায়ার লেভারকুসেনের সেই সাফল্যের জাদু তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে দেখাতে পারেননি।
তার অধীনে ৩৪ ম্যাচের মধ্যে রিয়াল জিতেছিল ২৪টিতে, ড্র ৪টি এবং হার ৬টি। লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা এবং চ্যাম্পিয়ন্স লিগে আশানুরূপ পারফরম্যান্স না পাওয়া তার ওপর চাপ বাড়িয়েছিল। এছাড়া দলের ভেতরের পরিবেশ ও কিছু সিনিয়র খেলোয়াড়ের সাথে বনিবনা না হওয়াও তার বিদায়ের অন্যতম কারণ বলে ফুটবল মহলে আলোচনা চলছে।
রিয়াল মাদ্রিদ তাদের বিবৃতিতে বলেছে “জাবি আলোনসো সবসময়ই রিয়াল মাদ্রিদের ভক্তদের ভালোবাসা ও শ্রদ্ধা পাবেন। তিনি একজন ক্লাব কিংবদন্তি এবং সবসময় আমাদের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর।”
জাবি আলোনসোর বিদায়ের পরপরই রিয়াল মাদ্রিদ তাদের নতুন কোচের নাম ঘোষণা করেছে। ক্লাবের সাবেক রক্ষণভাগের তারকা এবং রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার (রিজার্ভ দল) কোচ আলভারো আরবেলোয়া মূল দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার আলবাসেতের বিপক্ষে কোপা দেল রের ম্যাচ দিয়ে তার নতুন যাত্রা শুরু হবে।



