ঢাকা | ১২ জানুয়ারি, ২০২৬

আগামী জাতীয় নির্বাচনে জোটবদ্ধ আসন সমঝোতা নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা কাল-পরশুই (মঙ্গল বা বুধবার) আসবে। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান জানান ইইউ এবার বাংলাদেশে ২০০ জন প্রতিনিধি পাঠাবে, যারা জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

নির্বাচনে জামায়াত ও তাদের সঙ্গী দলগুলোর প্রস্তুতি এবং সমঝোতার অগ্রগতি নিয়ে ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে ‘হ্যাঁ’ ভোট বা গণভোট নিয়ে ঘণ্টাখানেক আলোচনা হয়েছে।

ভবিষ্যতে সরকার গঠন করলে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক কেমন হবে—এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “আমরা বিশ্বের সব সভ্য, শান্তিকামী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব। প্রতিবেশী রাষ্ট্রগুলো যেন আমাদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আচরণ করে। আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না।

নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার জন্য সব দলের সঙ্গে একত্রে বসার আগ্রহ প্রকাশ করে ডা. শফিকুর রহমান তিনটি প্রধান শর্ত দিয়েছেন: ১. কোনো দল দুর্নীতি করবে না এবং কাউকে দুর্নীতির প্রশ্রয় দেবে না। ২. সবার জন্য সমান ও স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে হবে। ৩. সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে।

প্রশাসনের কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতের বিষয়ে জামায়াত আমির কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা মনে করি যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন তারা বদলাবেন। অন্যথায় তাদের বদলাতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ।” তিনি আরও অভিযোগ করেন যে, বর্তমানে অনেক জায়গায় নারী কর্মীদের হিজাব খুলে নেওয়ার মতো অপমানজনক ঘটনা ঘটছে এবং প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।

২০১৮ সালের ‘মধ্যরাতের নির্বাচন’ থেকে শিক্ষা নিয়ে এবার যেকোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। তিনি বলেন, “যুবসমাজ বিশ্বাস করে জামায়াত প্রতিশ্রুতি রক্ষা করে, যার প্রতিফলন বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে দেখা গেছে।” তিনি আরও যোগ করেন, জামায়াত নিজেদের প্রথম বা দ্বিতীয় দাবি করতে চায় না; জনগণই তা নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts