ঢাকা | ১২ জানুয়ারি, ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। সোমবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—উভয় পক্ষই তা স্বীকার করেন। ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান
রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে ডেপুটি চিফ অব মিশন (DCM) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর মি. ঝাং জিং, চীনা দূতাবাসের কর্মকর্তা মি. রু কি (রাকি) এবং মিস নাফিসা (লিয়াং শুইন) উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াতে ইসলামীর সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রভাবশালী রাষ্ট্র চীনের রাষ্ট্রদূতের এই সফরকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত ইতিবাচক ও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।



