ফজলুর রহমান, ঢাকা | ১২ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-৯ থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্বের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় সোমবার আপিল বিভাগ তার আবেদনটি প্রত্যাখ্যান করে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয়। গত ২৮ ডিসেম্বর ফজলুল হক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে দাবি করলেও, শুনানিতে এর সপক্ষে যথাযথ দাপ্তরিক প্রমাণাদি উপস্থাপন করতে পারেননি তিনি।
এর আগে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন একই কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সোমবারের শুনানিতে সেই সিদ্ধান্তই বহাল রাখল ইসি।
শুনানি শেষে ফজলুল হক সাংবাদিকদের কাছে বৈষম্যের অভিযোগ আনেন। তিনি বলেন “আমার প্রতি অন্যায় করা হয়েছে। বিএনপির অনেক প্রার্থী দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র ঠিকমতো জমা না দিলেও তাদের মনোনয়ন বৈধ করা হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে কঠোরতা দেখানো হয়েছে। আমি এখন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত এই আসনটি চট্টগ্রামের রাজনীতিতে অন্যতম মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত।এ আসনে বিএনপির প্রার্থী দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। জামায়াত ও বিএনপিসহ এই আসনে মোট ১২ জন মনোনয়ন জমা দিয়েছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এবার মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে, যা আগামী ১৭ জানুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।



