ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) রাতে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এছাড়াও ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যোগদানকারী সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে সুজিত ঘরামী জানান, জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় এই দলে যোগ দিয়েছেন। তাদের মতে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই দলের ভূমিকা প্রশংসনীয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করছি।

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতিতে কোনো ধর্মীয় বিভাজন নেই এবং তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

একযোগে এত বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদানের ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts