এম এ কাহার সিদ্দিক, কুড়িগ্রাম | ১১ জানুয়ারি, ২০২৬ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কলাই ক্ষেত থেকে একটি বিলুপ্তপ্রায় ময়ূর আটক করার ঘটনা ঘটেছে। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকা থেকে ময়ূরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্র অনুযায়ী গত শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার একটি কলাই ক্ষেতে কয়েকটি বিলুপ্তপ্রায় ময়ূর উড়তে দেখেন স্থানীয়রা। কৌতূহলী লোকজন ময়ূরগুলোকে ধরার জন্য তাড়া করলে সেগুলো উড়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি ময়ূর লাল মিয়া নামের এক ব্যক্তির টিনের চালে গিয়ে পড়লে তিনি সেটিকে আটকে ফেলেন এবং পাশের সাদ্দাম হোসেন নামের একজনের বাড়িতে রাখেন।

বন বিভাগ ময়ূরটি আটকে রাখার খবর পেয়ে সাদ্দাম হোসেনের বাড়িতে গেলে বাড়ির লোকজন প্রথমে সেটি হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে পরিস্থিতি মোকাবিলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক এবং থানা-পুলিশের একটি বিশেষ দল।

প্রশাসনের উপস্থিতিতে ময়ূরটি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে এসএফএনটিসি কর্মকর্তা ইকবাল হোসেন চাঁদের মাধ্যমে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান জানান, ময়ূরটিকে নিরাপদে রংপুর বন বিভাগে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী আইনত সংরক্ষিত সম্পদ, তাই এগুলোকে আটক বা হত্যা না করতে স্থানীয়দের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts