তেহরান/দুবাই | ১১ জানুয়ারি, ২০২৬ ইরানে ক্রমবর্ধমান বিক্ষোভ, সহিংস দমন-পীড়ান এবং দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের জেরে চরম অনিশ্চয়তায় পড়েছে দেশটির বিমান যোগাযোগ ব্যবস্থা। আকাশসীমার নিরাপত্তা ও অপারেশন্যাল ঝুঁকি বিবেচনায় নিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের শীর্ষস্থানীয় একাধিক এয়ারলাইন্স ইরানগামী তাদের সকল ফ্লাইট বাতিল অথবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।
বাতিল হওয়া ফ্লাইটের তালিকা ও এয়ারলাইন্সগুলোর অবস্থান:
১. টার্কিশ এয়ারলাইন্স: তুরস্কের এই জাতীয় পতাকাবাহী সংস্থা ৯ ও ১০ জানুয়ারির জন্য নির্ধারিত তেহরান, তাবরিজ এবং মাশহাদগামী মোট ১৭টি ফ্লাইট বাতিল করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা।
২. ফ্লাইদুবাই (flydubai): দুবাইভিত্তিক এই এয়ারলাইন্স ৯ জানুয়ারি থেকে তেহরান, শিরাজ ও মাশহাদসহ ইরানের সকল রুটে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। আজ ১০ জানুয়ারিও তাদের ফ্লাইটগুলো স্থগিত রয়েছে। মূলত দুবাই ট্রানজিট ব্যবহারকারী যাত্রীদের আটকা পড়া রোধ করতে এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
৩. আজারবাইজান এয়ারলাইন্স (AZAL): আঞ্চলিক উত্তেজনার কারণে বাকু–তেহরান রুটে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে আজারবাইজান।
৪. অস্ট্রিয়ান এয়ারলাইন্স: ইউরোপীয় এই সংস্থাটি ৯ জানুয়ারি থেকে ভিয়েনা–তেহরান ফ্লাইট বাতিল করেছে। এয়ারলাইন্সটি জানিয়েছে, অন্তত আগামী সোমবার পর্যন্ত তাদের কোনো বিমান ইরানে যাবে না।
৫. লুফথানসা (Lufthansa): জার্মান এই সংস্থাটি দীর্ঘ বিরতির পর আগামী ১৬ জানুয়ারি থেকে ফ্রাঙ্কফুর্ট–তেহরান রুট পুনরায় চালুর পরিকল্পনা করেছিল। তবে ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তারা সেই সিদ্ধান্ত এখন গুরুত্বের সাথে পুনর্বিবেচনা (Review) করছে।
এয়ারলাইন্সগুলোর মুখপাত্ররা জানিয়েছেন, ইরানের প্রধান শহরগুলোর রাস্তায় চলমান সংঘর্ষ এবং ইন্টারনেট না থাকায় গ্রাউন্ড হ্যান্ডলিং ও অপারেশনাল যোগাযোগ রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া আকাশসীমায় সামরিক প্রস্তুতির গুঞ্জন ও বাড়তি ঝুঁকি থাকায় তারা যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইট স্থগিতের পথ বেছে নিয়েছে।
আন্তর্জাতিক রুটের যাত্রীদের বিমান বন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্সের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই টিকিট বুক করেছেন, তাদের রিফান্ড বা পুনঃবুকিংয়ের জন্য সংশ্লিষ্ট এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে।



