মস্কো: ইইউ-র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাসকে লক্ষ্য করে রাশিয়ার বিশেষ প্রেসিডেন্ট দূত এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (RDIF) প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, রাশিয়ার নতুন ‘ওরেশনিক’ হাইপারসনিক মিসাইল প্রতিহত করার মতো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বিশ্বের কারো কাছে নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (X) দেওয়া এক পোস্টে দিমিত্রিয়েভ কায়া কালাসের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, “কায়া খুব একটা বুদ্ধিমান বা জ্ঞানী নন, কিন্তু তারও জানা উচিত যে মাখ ১০ (শব্দের চেয়ে ১০ গুণ) গতির ওরেশনিক হাইপারসনিক মিসাইল ঠেকানোর মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীতে নেই।”
ইউক্রেনের কিয়েভ ও লভিভে ওরেশনিক মিসাইল হামলার পর কায়া কালাস ইউক্রেনকে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছিলেন। দিমিত্রিয়েভের এই মন্তব্য মূলত কালাসের সেই আহ্বানেরই পাল্টা জবাব।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ডিসেম্বরে রাশিয়ার নোভগোরোড অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে এই শক্তিশালী মিসাইল হামলা চালানো হয়েছে।
ইতিপূর্বে প্রেসিডেন্ট পুতিনও দাবি করেছিলেন যে, ওরেশনিক মিসাইল ইন্টারসেপ্ট বা মাঝপথে ধ্বংস করা অসম্ভব এবং এর ধ্বংস ক্ষমতা প্রায় পারমাণবিক অস্ত্রের কাছাকাছি।
ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এই হামলাকে ইউরোপীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখলেও, ক্রেমলিন একে রাশিয়ার সার্বভৌমত্বের ওপর হামলার ‘যথাযথ প্রতিশোধ’ হিসেবে অভিহিত করছে।



