হাছনাইন বিন আলমগীর, বিশেষ প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ ওমর আলী (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কুঞ্জের হাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ওমর আলী চরফ্যাশন উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সার্বিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ৫ মিনিটের দিকে কুঞ্জের হাট বাজারের ‘বিসমিল্লাহ হোটেল’-এর পেছনের অংশের একটি কেবিন থেকে ওমর আলীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ইয়াবার এই বড় চালানটি বোরহানউদ্দিনের স্থানীয় কোনো মাদক কারবারির কাছে পাইকারি বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ওমরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts