নিজস্ব প্রতিবেদক | ১৫ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন ও নির্বাচনি সমঝোতা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। নতুন এই সমঝোতা অনুযায়ী, জোটের প্রধান শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এর আগে আজ সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা, বৈঠকে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি, খেলাফত আন্দোলন, জাগপা (একাংশ), নেজামে ইসলাম পার্টি, এলডিপি এবং বিডিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।আসন ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়ায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বৈঠকে যোগ দেয়নি।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ অন্যান্য শরিক দলের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১টি দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়বে। জামায়াত ১৭৯টি আসনে লড়বে এবং বাকি ১২১টি আসন জোটের অন্য শরিকদের মধ্যে বণ্টন করা হয়েছে। নেতারা দাবি করেন, এই সমঝোতার মাধ্যমে ইসলামি ও সমমনা দলগুলোর মধ্যে একটি শক্তিশালী নির্বাচনি মোর্চা গঠিত হলো, যা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে।
শরিক দলগুলোর নেতারা জানিয়েছেন, বড় শরিক হিসেবে জামায়াত অধিকাংশ আসনে লড়লেও অন্য দলগুলোর জন্য সম্ভাবনাময় আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এখন থেকে ১১ দলীয় এই জোট একযোগে প্রচারণায় নামবে।



