ফজলুর রহমান, ঢাকা | ১৬ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন সমঝোতা নিয়ে বনিবনা না হওয়ায় জোটবদ্ধ নয়, বরং এককভাবেই নির্বাচনে লড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি জানান, জামায়াতে ইসলামীসহ অন্যান্য মিত্র দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে দীর্ঘ আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো গ্রহণযোগ্য সমাধান আসেনি। জোটের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রাখা হলেও দলটি তা প্রত্যাখান করে এবং এককভাবে নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়।
দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত ৩০০ আসনেই লড়াইয়ের প্রস্তুতি নিয়েছিল। সে অনুযায়ী ২৭২টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, বাছাই প্রক্রিয়া ও অন্যান্য কারণে বর্তমানে ২৬৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে বৈধভাবে টিকে আছেন, মুখপাত্র গাজী আতাউর রহমান স্পষ্ট জানিয়েছেন, বৈধ ২৬৮ জন প্রার্থীর কাউকেই মনোনয়নপত্র প্রত্যাহার না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় এখন ১০টি দল মিলে নির্বাচনী সমঝোতা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোট ২৫৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এই জোটে জামায়াতে ইসলামী ছাড়াও রয়েছে জাতীয় নাগরিক পার্টি (NCP), বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি এবং এবি পার্টিসহ অন্যান্য দল।
চরমোনাই পীরের এই দলটির নেতারা মনে করছেন, এককভাবে নির্বাচন করলে তাদের জনসমর্থনের প্রকৃত চিত্র ফুটে উঠবে। মাওলানা গাজী আতাউর রহমান আরও যোগ করেন, যেসব আসনে তাদের প্রার্থী নেই, সেখানে তারা সমমনা বা যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।



