কুমিল্লা: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি ও জামায়াত সমর্থিত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান ব্যক্ত করেছেন। শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না।” তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান যেন তারা অতীত আমলের দুর্নীতিবাজ, বিভিন্ন মামলার সাথে জড়িত ব্যক্তি এবং ঋণ খেলাপিদের বর্জন করেন।
আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা কেন্দ্র দখল বা ভোট চুরির পরিকল্পনা করছে, তারা কখনো সফল হবে না। জনগণকে সাথে নিয়ে এ ধরণের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
এদিন সকাল থেকে তিনি ইউসুফপুর ইউনিয়নের নবীপুর বাজার, এগারোগ্রামসহ বিভিন্ন গ্রামে পদযাত্রা করেন। এই কর্মসূচিতে স্থানীয় এনসিপি এবং জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
দেবিদ্বার আসনে এবার হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছিল বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে। তবে ঋণ খেলাপির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় এবং সম্প্রতি উচ্চ আদালতের আদেশে তার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় হাসনাত আব্দুল্লাহর জন্য মাঠ অনেকটা অনুকূলে রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।



