ঢাকা | ১৫ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের (রোহিঙ্গা) বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপদেষ্টা জানান, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে এবং বাংলাদেশ মিশন ও পাসপোর্ট অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। তবে আবেদনের তুলনায় এনরোলমেন্টে উপস্থিতির হার কিছুটা কম হওয়ায় বিষয়টি সৌদি অভ্যন্তরীণ মন্ত্রীকেও জানানো হয়েছে।
সৌদি আরবে ৩২ লাখেরও বেশি বাংলাদেশি কর্মীর অবদানের কথা স্মরণ করে উপদেষ্টা আরও অধিক হারে জনশক্তি আমদানির জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনের মূল দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ প্রস্তুত।
নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ সহ নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত আগামী ৮-১৪ ফেব্রুয়ারি ২০২৬ রিয়াদে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’ (World Defense Show)-তে অংশগ্রহণের জন্য সৌদি অভ্যন্তরীণ মন্ত্রীর আমন্ত্রণপত্র উপদেষ্টার কাছে তুলে দেন।
তবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় উপদেষ্টা স্বশরীরে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেন। তিনি উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে উপযুক্ত প্রতিনিধি প্রেরণের নিশ্চয়তা দেন।
উপদেষ্টা বলেন, সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। রাষ্ট্রদূতও দুই দেশের বিদ্যমান ব্যবসা-বাণিজ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ এবং যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



