মাদারীপুর প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী এবং সংশ্লিষ্টদের প্রতি নজিরবিহীন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ধরনের অনিয়ম বা জাল জালিয়াতির সুযোগ এবারের নির্বাচনে থাকবে না এবং যারা দায়িত্ব পালন করবেন তাদের সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “এবার যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন। আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। আমরা কোনো অবস্থাতেই আগের মতো (অবাধ কারচুপি) নির্বাচন হতে দেব না।”
যারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিয়েন। আমরা তাদের রেখে অন্যদের নির্বাচনের দায়িত্ব দেব। কিন্তু কেন্দ্রে গিয়ে দায়িত্ব পালনে অবহেলা বা কোনো অন্যায়ের সাথে আপস করা চলবে না।”
তিনি আরও যোগ করেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন ও স্বচ্ছ। জনগণের ভোটের অধিকার রক্ষায় প্রশাসন এবার কোনো ছাড় দেবে না।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ও কঠোরতার বার্তা দেওয়া হচ্ছে। মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার এই ‘মরার প্রস্তুতি’র মতো চরম মন্তব্যটি মূলত নির্বাচনকে প্রশ্নাতীত ও প্রভাবমুক্ত রাখার একটি কঠোর প্রশাসনিক অবস্থান হিসেবেই দেখা হচ্ছে।
সভায় উপস্থিত অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা ডিসি’র এই কঠোর নির্দেশনাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য নির্বাচনী কর্মকর্তাদের মধ্যে যেমন ভীতি দূর করবে, তেমনি বিশৃঙ্খলাকারীদের মনেও আতঙ্কের সৃষ্টি করবে।



