কামরুজ্জামান,লংগদু প্রতিনিধি :
টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকত থেকে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব ১৬ দশমিক ১ কিলোমিটার। সকাল সাড়ে ৯টায় শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে ২ নারী ৩৫ সাঁতারু এই প্রতিযোগিতা শুরু করে।
প্রথমবার অংশগ্রহণ করে ৫ ঘণ্টা ৫ মিনিটে পৌঁছে চতুর্থ হয়েছেন লংগদুর হাফিজুর রহমান।
সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘ বাংলা চ্যানেল সাঁতার ২০২৬’ শীর্ষক এই সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’। ২০০৬ সাল থেকে ষড়জ অ্যাডভেঞ্চার সাঁতারের এই ইভেন্ট নিয়মিত আয়োজন করে আসছে। এ বছর প্রতিযোগিতায় অংশ নিতে ৩৭ জন সাঁতারু নাম লিখিয়েছিলেন। তবে তাঁদের ২ জন অংশ নেননি। ৩৫ জনের মধ্যে ২ নারীসহ ২০ জন সাঁতার কাটেন সফলভাবে, অপর ১৫ জন স্রোতের কারণে সাঁতার কেটে গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হন।

হাফিজুরের এই সাফল্যে খুশি হয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গামাটি সরকারি কলেজ।
রাঙামাটি সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান। এই আনন্দে সংবর্ধনার আয়োজন করে রাঙ্গামাটি সরকারি কলেজ, সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক, এ ছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষকরা তার যেকোনো ধরনের প্রতিযোগিতায় হাফিজুর এর সঙ্গে থাকার আশ্বাস দেন।
লংগদু উপজেলার সাহসিকতার সাথে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া দু’জনের মধ্যে হাফিজ অন্যতম সে প্রথমবারেই চতুর্থ স্থান অর্জন করেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সাইন্স বিভাগের সালাহ্ উদ্দিনও তিনবার এই চ্যানেল পাড়ি দিয়েছেন।



