সাব্বির ইসলাম, রংপুর: রংপুর মহানগরীসহ আশপাশের এলাকায় এলপিজি (LPG) গ্যাসের সিলিন্ডার বিক্রিতে চরম নৈরাজ্যের অভিযোগ উঠেছে। সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত দাম থাকলেও খুচরা বাজারে তা মানা হচ্ছে না। বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো দাম হাঁকানোর ফলে সাধারণ ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিইআরসি কর্তৃক ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ১,৩০৬ টাকা। কিন্তু রংপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এই নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে। কোথাও ১৬৩০ টাকা, কোথাও ১৮১০ টাকা, আবার কোথাও ১৪৮০ টাকায় সিলিন্ডার বিক্রি হতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক গৃহিণী আক্ষেপ করে বলেন, “প্রতি মাসেই আমাদের গ্যাস কিনতে হয়। কিন্তু দাম কখন যে কত হয়, কেউ বলতে পারে না। দোকানদাররা যা বলে, আমরা বাধ্য হয়েই সেই দামে কিনি কারণ আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই।”

একই অবস্থা হোটেল ব্যবসায়ীদেরও। এক হোটেল ব্যবসায়ী জানান, গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে রান্নার খরচ বেড়ে গেছে, যা তাদের ব্যবসায়িক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লুটছেন। মজুদ থাকার পরও অনেক সময় বাজারে গ্যাসের সংকট দেখানো হচ্ছে বলে জানান সাধারণ ক্রেতারা। মাঠ পর্যায়ে যথাযথ মনিটরিং ও তদারকির অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

রংপুরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এই নৈরাজ্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করা এবং নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts