নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৩ জানুয়ারি, ২০২৬
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে নিজ বাসায় ঢুকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মোহাম্মদ আনোয়ার উল্লাহ। তিনি পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা দক্ষিণ শাখার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সম্মানিত সহসভাপতির দায়িত্বে ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত আনুমানিক ২টা থেকে ৫টার মধ্যে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত পশ্চিম রাজাবাজারে অবস্থিত তাঁর নিজ বাসভবনে প্রবেশ করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে এবং হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
ভোরে পরিবারের সদস্যরা তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এটি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পরপরই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তারা এই ঘটনাকে এক “কাপুরুষোচিত হত্যাকাণ্ড” হিসেবে বর্ণনা করেছেন।



