আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) | ১৬ জানুয়ারি ২০২৬
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মো. শফিকুল আলম। তিনি আশ্বস্ত করেছেন যে, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রা.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের যাবতীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ হয়েছে, দেশজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, পোস্টাল ব্যালটের কাজও ইতোমধ্যে সম্পন্ন।
তিনি আরও বলেন, “এখন বলা যেতে পারে আমরা কেবল ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষায় আছি।”
গণভোট নিয়ে সমালোচনার জবাবে প্রেস সচিব বলেন, যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। তিনি ব্যাখ্যা করেন, “পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার কোনো একটি পক্ষের (হ্যাঁ বা না) অবস্থান নেয়। যেহেতু বর্তমান সরকার সংস্কারের পক্ষে, তাই আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছি। এই গণভোট মূলত সংস্কারের একটি সমষ্টিগত প্যাকেজ।”
তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যেন এদেশে কোনো ‘শাহি দৈত্য দানব’ বা স্বৈরাচারী শাসন ফিরে না আসে, তা নিশ্চিত করতেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।
বিগত নির্বাচনের অনিয়ম ও ‘রাতের ভোটের’ প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, এবার মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বর্তমান সরকার তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করবে যে তারা সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো বিশেষ পক্ষের প্রতি তাদের পক্ষপাতিত্ব নেই।
মাজার পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এবং মাজার কমিটির নেতৃবৃন্দ।



